‘লোভী-মুনাফাখোর ব্যবসায়ীরাই আসল করোনাভাইরাস’

আপডেট : ২২ মার্চ ২০২০, ১২:৩৩ এএম

করোনাভাইরাসের সংক্রমণের বিপদে পড়েছে দেশের সাধারণ মানুষ। সেই বিপদের সুযোগ নিচ্ছে কতিপয় লোভী ব্যবসায়ী। এই শ্রেণির ব্যবসায়ীদের প্রতি ধিক্কার জানিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির দাম যারা বাড়িয়েছেন তাদের উদ্দেশে ফেইসবুক স্ট্যাটাসে রুবেল বলেছেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চীনে এত বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!’ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে নতুন শত্রুকে মোকাবিলা করার ক্ষেত্রে সেই ঐক্য কোথায় গেল প্রশ্ন তুলে রুবেল বলেছেন, ‘শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন? মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সব জিনিসপত্রের দাম বেড়েই চলেছে? ধিক্কার জানাই ওই লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, তারাই আসলে দেশের করোনাভাইরাস।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত