বান্ধবীসহ করোনাভাইরাসে আক্রান্ত দিবালা

আপডেট : ২২ মার্চ ২০২০, ০১:১৫ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্তাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবালা নিজেই বিষয়টি জানিয়েছেন।

জুভেন্তাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন দিবালা। এর আগে ইতালিয়ান ক্লাবটির ডিফেন্ডার (ইতালিয়ান) দানিয়েলে রুগানি ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ব্লেইস মাতুইদির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল।

সপ্তাহখানেক আগেও অবশ্য দিবালার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। তখন অবশ্য তিনি নিজেই নিশ্চিত করেন এমন কিছু হয়নি।

তবে শনিবার রাতে ২৬ বছর বয়সী দিবালা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ওরিয়ানা (দিবালার বান্ধবী) এবং আমার দুজনের করোনাভাইরাস পরীক্ষার ফলই পজিটিভ এসেছে।’ তবে এরপরই নিজেরা ভালো আছেন বলে উল্লেখ করেছেন দিবালা, ‘সৌভাগ্যবশত আমরা ভালো অবস্থায় আছি।’

ইনস্টাগ্রাম ছাড়াও টুইটারেও বার্তা দিয়েছেন দিবালা। বান্ধবীর সঙ্গে হাসি-খুশি ছবিতে বুঝিয়েছেন দুজনেই ভালো আছেন।

দিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি আর্জেন্টাইন সংগীত শিল্পী, অভিনেত্রী এবং মডেল। তার আরেকটি পরিচয় তিনি সাবেক টেনিস তারকা, ১৯৯০ ইউএস ওপেন চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল সাবাতিনির ভাইজি।

করোনাভাইরাসের ভয়াল ধাবায় ইতালিতে ফুটবল লিগসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত