চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জসিম উদ্দিন (৩০) ও বেলাল উদ্দিন (১৮)। তাদের বাড়ি চকরিয়ার আজিজনগর এলাকায়।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, চট্টগ্রামমুখী লবণবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জনের এবং পরে আরও ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় হিউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি লোহাগাড়ার আমিরাবাদ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনায় হিউম্যান হলারটির চালকসহ ১০ জন ঘটনাস্থলেই মারা যান জানিয়ে পরিদর্শক রাশেদুল বলেন, ‘আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে আমিরাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনজনের মৃত্যু হয়।’
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন। প্রত্যক্ষদর্শী চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘অফিসে কাজ করার সময় হঠাৎ রাস্তায় বিকট শব্দ শুনতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধারের চেষ্টা করি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ির বেপরোয়া গতি ও ওভারটেকের প্রবণতার কারণে এ দুর্ঘটনা।’ চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু দেশ রূপান্তরকে বলেন, ‘সড়কপথে লবণ পরিবহনের কারণে রাস্তা পিচ্ছিল ছিল। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলছে প্রতিনিয়ত।’
