করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনের জিহানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় মারাউনে ফেলাইনি। স্থানীয় স্বাস্থ্য বিভাগ চীনা ক্লাব শানডঙ লুনেঙেয়ের বেলজিয়ান এই মিডফিল্ডারের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ছয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে গত বছরের জানুয়ারিতে চাইনিজ সুপার লিগ- সিএসএল’র দল শানডঙ লুনেঙে নাম লেখান ফেলাইনি। ২০ মার্চ ৩২ বছর বয়সী এই ফুটবলারের শরীরে কোভিড-১৯ ধরা পড়ার ট্রেনে করে তাকে শানডঙ প্রদেশের রাজধানী জিহানে নিয়ে আসা হয়েছে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৮০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩,২০০ ছাড়িয়ে।
শানডঙয়ের হয়ে ফেলাইনির প্রথম মৌসুমটা দারুণ কেটেছে। মাঝ মাঠের খেলোয়াড় হলেও সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ১৩টি। আর তার দল লিগ শেষ করেছে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে থেকে।
এদিকে, ইউরোপেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন জুভেন্তাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা; তার দুই সতীর্থ দানিয়েলে রুগানি ও ব্লেইস মাতুইদি।
আক্রান্ত হয়েছেন ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি পাওলো মালদিনি ও তার ছেলে উদীয়মান ফুটবলার দানিয়েলেন মালদিনিও।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেনসো সানজের। এই ভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ব জুড়ে খেলাধুলার সব ইভেন্ট।
