রেনে হিগুইতার নাম শুনলেই মনে পড়ে যায় তার সেই বিখ্যাত ‘স্করপিয়ন কিক’। বহুবার তিনি অবিশ্বাস্যভাবে শরীর শূন্যে ভাসিয়ে পায়ের গোড়ালি দিয়ে গোলমুখ থেকে বল ফিরিয়েছেন। তবে হিগুইতা মানেই শুধু এমন ম্যাজিক নয়। তার নামের সঙ্গে একটা বিখ্যাত ভুলও জড়িয়ে আছে। যে ভুলের মাশুল দিতে হয়েছিল কলম্বিয়াকে। স্রেফ হিগুইতার এক ভুলেই ১৯৯০ সালে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল অন্যতম ফেবারিটরা।
ক্যামেরুনের বিপক্ষে কী ভুল করেছিলেন হিগুইতা? গোল ছেড়ে বল নিয়ে প্রায় মাঝমাঠে উঠে গিয়েছিলেন তিনি। এমনটা তিনি প্রায়ই করতেন। কিন্তু সেদিন যে এভাবে তার মূল্য চুকাতে হবে তা বুঝতে পারেননি হিগুইতা। বল পায়ে ড্রিবল করার চেষ্টা করেছিলেন। কিন্তু রজার মিলা ছোঁ মেরে সেই বল কেড়ে নিয়ে সোজা গোল করেন। শেষ আটে উঠতে ব্যর্থ হয় কলম্বিয়া। সেই ভুল আজ বিপদের দিনে কাজে লাগাতে চান হিগুইতা। নিজের সেই ভুলের ছবি নিয়ে তিনি এই করোনাক্রান্ত সংকটময় মুহূর্তে কাজে লাগাতে চান। কেউ কেউ তার ছবির নিচে ক্যাপশন লিখেছে, ‘আপনাকে যদি বাইরে যেতে নিষেধ করা হয়, তাহলে যাবেন না।’ এটা নিয়ে হিগুইতার মন্তব্য, ‘যদি এই ছবি মানুষকে সচেতন করার ব্যাপারে কাজে লাগানো যায়। আমি ব্যবহার করতে বলব। কারণ স্বাস্থ্য সবার আগে।’ করোনাভাইরাসের অতিসংক্রমণে সারা দুনিয়া মহাবিপদে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৪ হাজার মানুষের। আক্রান্ত হয়েছে তিন লাখের ওপর মানুষ। কলম্বিয়াতে যদিও করোনা সংক্রমণের প্রকোপ খুব বেশি নেই। ২১০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ জন।
