৩ মাস সব ফ্লাইট বন্ধ করল রিজেন্ট এয়ার

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০২:১১ এএম

তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল রিজেন্ট এয়ারওয়েজ। গতকাল রবিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, করোনার ভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অভ্যন্তরীণ প্রায় সবকটি রুটের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

রিজেন্ট এয়ারের সিইও দেশ রূপান্তরকে বলেন, ২০১০ সালের ১০ নভেম্বর  বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রমে আসে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান হাবিব গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ। আন্তর্জাতিক রুটের মধ্যে কাতার, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারতে ফ্লাইট পরিচালনা করে আসছিল এয়ারলাইনসটি। বিভিন্ন দেশের আরোপ করা নিষেধাজ্ঞায় একে একে বন্ধ হয়ে যায় এসব রুটের ফ্লাইট। সর্বশেষ গত শুক্রবার থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিঙ্গাপুর রুটের ফ্লাইট। আর অভ্যন্তরীণ রুটের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু ছিল। যাত্রী সংকটে যা বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে একে একে তাদের সবগুলোই বন্ধ করতে হয়েছে। বিভিন্ন দেশের আরোপ করা নিষেধাজ্ঞা কবে নাগাদ উঠিয়ে নেওয়া হবে সেটাও অনিশ্চিত। সবকিছু বিবেচনা করে আমরা আগামী তিন মাসের জন্য ফ্লাইট পরিচালনা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এয়ারলাইনসের কর্মীদেরও তিন মাসের বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে। যা এরই মধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে। তিনি বলেন, গোটা এভিয়েশন ইন্ডাস্ট্রিই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি কতদিন চলবে সেটিও জানা যাচ্ছে না। আমাদের রাজস্ব আয় শূন্য শতাংশে চলে এসেছে। এমন চলতে থাকলে আমাদের টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে। যাদের আগে টিকিট করা আছে তারা রিজেন্টের অফিসে যোগাযোগ করে অর্থ ফেরত কিংবা পরবর্তী সময়ে যাত্রার সময় পরিবর্তন করে নিতে পারবেন।

এদিকে গতকাল রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানান, করোনার প্রভাবের কারণে ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর, ২৭ মার্চ থেকে ঢাকা-বরিশাল, ২৫ মার্চ ঢাকা-কক্সবাজার, ঢাকা থেকে সিলেট, ২৯ মার্চ ঢাকা থেকে সিলেট ও ২৫ মার্চ ঢাকা থেকে চট্টগ্রামের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত