করোনাযুদ্ধের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০২:১২ এএম

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল হাওলাদার জুনা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। আগের দিন সন্ধ্যায় গ্রেপ্তার সোহেল চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সোহেল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আদিনগর গ্রামের সবুজ হাওলাদারের ছেলে। স্ত্রীসহ পরিবার নিয়ে তিনি রাজধানীর শনির আখড়ায় থাকতেন। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, মাদক মামলায় কিছুদিন আগেও সোহেলকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ গত শনিবার রাতে বিমানবন্দর আর্মড পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, ওই রাতেই তাকে নিয়ে নাগদারপাড় এলাকায় অভিযানে যায় খিলগাঁও থানা পুলিশ। উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এতে সোহেল গুলিবিদ্ধ হন। ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।

সোহেলের বড়ভাই জামাল হাওলাদার জানান, সোহেলের নামে একটি মামলা ছিল। তবে সে জামিনে ছিল। দুই সপ্তাহ আগে সোহেল ও তার বন্ধু সাগর কক্সবাজার বেড়াতে যায়। শনিবার বিকেলে বিমানে ঢাকায় আসে। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। সকালে পুলিশের মাধ্যমেই তার মৃত্যুর খবর পেয়ে মর্গে গিয়ে লাশ দেখতে পাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত