করোনাভাইরাস নিয়ে নেগেটিভিটি ছড়াবেন না : নিশো

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০৩:৪৫ পিএম

“করোনাভাইরাস নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করছেন। নেগেটিভ কথা বলছেন। নেগেটিভিটি ছড়াবেন না। এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না? এসব না ভেবে আমাদের যতটুকু আছে তা নিয়েই ফাইট করতে হবে”, বললেন টিভি দুনিয়ার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

ফেইসবুক লাইভে এসে তিনি করোনাভাইরাস ও তার থেকে বাঁচার নানা উপায়ও তুলে ধরেন।

রবিবারের ভিডিওটিতে ২৬ মিনিট কথা বলেন নিশো। যা ৬৫ হাজারের বেশিবার দেখা হয়েছে ২৪ ঘণ্টায়।

সেখানে তিনি বলেন, “আমি মুসলিম। ইসলাম প্র্যাকটিস করা আমরা উচিত। বাসায় বসে বোর ফিল করছেন, মুভি দেখছেন, গেইম খেলছেন সময় কাটছে না। এর চেয়ে চমৎকার সময় কী পাবেন ইসলাম প্র্যাকটিস করার! কোরআন পড়েন, সবার জন্য দোয়া করেন, আল্লাহকে ডাকেন। অনেকেই ভাবতে পারেন এতে লাভ হবে না। আমি বলতে পারি এতে লাভ না হলেও ক্ষতি হবে না।”

আফরান নিশো বলেন, “করোনা একটা ভাইরাস। এটা মহামারির আকার নিতে পারে। করোনা ব্যাকটেরিয়ার থেকেও ছোট ফর্ম। ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক দিয়ে দমন করা যায় কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে সেটা সম্ভব না। সুতরাং বলা যেতে পারে এটার কোনো কিউর নাই। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে তাহলে আপনি কুলিয়ে উঠতে পারবেন। না হলে পারবে না। যে রোগের কোনো চিকিৎসা নেই। সেই রোগ হওয়া পর্যন্ত কি আমরা অপেক্ষা করবো, নাকি যেন না হয় সেই প্রতিকারের ব্যবস্থা করবো সেটা আমাদের চিন্তা করতে হবে। যেন আমাদের ভাইরাস অ্যাটাক করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।”

সঙ্গে যোগ করেন, “এটা ছোঁয়াচে। আমাদের অভ্যাস আছে যেখানে সেখানে থুতু ফেলা, হাঁচি দেওয়া, নাকে মুখে হাত দেওয়া, দাঁতে নখ কাটা। কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার মাধ্যমে এটা খুব দ্রুত ছড়িয়ে যাবে। এটা নিয়ে এখনই ভাবতে হবে।”

নিশো বলেন, “পরিবারের কাউকে না কাউকে হয় তো বাড়ির বাইরে বের হওয়ার প্রয়োজন হতে পারে। পরিবারের কে বাইরে যাবে ঠিক করুন। কেউ বাইরে গেলে তাকে অবশ্যই মাস্ক পরতে হবে। বেশি করে সেনিটাইজার ব্যাবহার করতে হবে। হাতে গ্লোভস পরা যেতে পারে। বাইরে থেকে এসে প্রথমেই গোসল সেরে নিতে পারেন। তার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। বাইরের কাপড়টা, জুতাটা আলাদা করে রাখতে হবে। কারো সঙ্গে কথা বললে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে।”

টেলিভিশনের ব্যস্ততম অভিনেতাদের অন্যতম আফরান নিশো। বর্তমানে সব ধরনের শুটিং বন্ধ থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত