সেরা তিন ম্যাচের তালিকায় আবাহনী

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১২:৫০ এএম

২৬ জুন ২০১৯। আবাহনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি দিন। এই দিনে আবাহনী প্রথমবারের মতো এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বিরল এই সাফল্য ছুঁতে অবশ্য সেদিন রীতিমতো নাটক মঞ্চস্থ করতে হয়েছিল আকাশি-হলুদ জার্সিধারীদের। ‘ই’ গ্রুপে সেদিন ছিল শেষ ম্যাচ ডে। সেরা হয়ে গ্রুপপর্ব পেরুতে গৌহাটিতে স্বাগতিক মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আবাহনীর। ভয় ছিল কাঠমান্ডুতে স্বাগতিক মানাং মার্সিয়াংদির বিপক্ষে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি’র ম্যাচটি নিয়েও। মিনার্ভার সঙ্গে ড্র হলে আর চেন্নাইয়ান মানাংকে হারিয়ে দিলেই যে আর স্বপ্নপূরণ হয় না। একই সময় শুরু হওয়ায় ম্যাচে একটা সময় মনে হচ্ছিল ভাগ্য আর সঙ্গে নেই আবাহনীর। কাঠমান্ডুতে মানাংয়ের বিপক্ষে ৩-২ গোলের জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল চেন্নাইয়ান।

অন্যদিকে গৌহাটিতে গোলের দেখাই পাচ্ছিল না আবাহনী। অর্থাৎ শেষ মুহূর্তে ফের হতাশায় ডোবার দিকেই ধেয়ে চলছিল আবাহনী। ঠিক সেই মুহূর্তে। অর্থাৎ ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে নাবিব নেওয়া জীবনের কর্নারে হাইতিয়ান ফরোয়ার্ড কারভেন্স বেলফোর্টের মাথা ঘুরে যখন বলটি চলে এলো আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানির কাছে বিশ্বস্ত মাথায় তা তিনি পাঠিয়ে দিলেন মিনার্ভার জালে। তার কয়েক সেকেন্ড পর বেজে উঠল শেষ বাঁশি। আর তাতেই নিশ্চিত হলো প্রথমবারের মতো ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনাল।

আবাহনীর সেই জয়টা পাকাপাকিভাবেই থেকে যাচ্ছে এএফসি’র স্মরণীয় ম্যাচের তালিকায়। রবিবার এএফসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এএফসি কাপের সেরা জাদুকরী মুহূর্তের (এএফসি ম্যাজিক মোমেন্টস) সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে ঠাঁই পেয়েছে আবাহনীর সেই ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত