জাতির এ মহাবিপদে প্রয়োজন সমন্বিত উদ্যোগ : রওশন

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৬:০২ এএম

বাংলাদেশের জনগণ এখন করোনাভাইরাস সংক্রমণের প্রচণ্ড ঝুঁকির মুখে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চিফ পেট্রন রওশন এরশাদ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতির এ মহাবিপদের মুহূর্তে দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক দোষারোপ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিবৃতিতে দেশবাসীর

উদ্দেশে রওশন বলেন, করোনাভাইরাস নিয়ে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। ভয়ের পরিবর্তে মানুষ যদি সচেতন থাকে এবং স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা মেনে চলে, তাহলে করোনাভাইরাস প্রতিরোধ করা কঠিন কিছু নয়। শুধু করোনাভাইরাস নয়, যেকোনো সংক্রামকব্যাধি প্রতিরোধে বাংলাদেশের মানুষের সাহস আছে। এ ক্ষেত্রে করোনাভাইরাস মোকাবিলা ও প্রতিরোধের বিষয়টিকে একটি সফল স্বাস্থ্য আন্দোলনে রূপ দেওয়ার কৌশল ও উপলক্ষ হিসেবে নেওয়া যেতে পারে। বিরোধীদলীয় নেতা বলেন, করোনাভাইরাস অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে তা বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে করোনা সংক্রমণের যে চারটি স্তরের কথা বলা হয়েছে, বাংলাদেশ এর তৃতীয় স্তরে প্রবেশ করেছে। চতুর্থ স্তরটি হলো ব্যাপক সংক্রমণ ও ব্যাপক মৃত্যু। ঘন জনবসতি, দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং সচেতনহীনতায় বাংলাদেশ এখন প্রচণ্ড ঝুঁকির মুখে। এ মুহূর্তে প্রয়োজন সমন্বিত উদ্যোগের। এ ক্ষেত্রে জাতীয় পার্টির পক্ষ থেকে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত