সাংবাদিক আরিফুলের সাজা স্থগিত

ডিসি সুলতানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৬:০৭ এএম

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ও নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ জড়িতদের বিরুদ্ধে করা এজাহার মামলা হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আরিফুলকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া দণ্ড ও সাজার কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত। এ সম্পর্কিত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়। এছাড়া সাংবাদিক আরিফুলকে সাজা দেওয়ার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে গত

১৩ মার্চ মধ্যরাতে বাসা থেকে ধরে নিয়ে যায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের তৎকালীন সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) নাজিম উদ্দিনসহ কয়েকজন। পরে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে অভিযোগ করে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরিফুলকে বাসা থেকে ধরে নিয়ে ডিসি অফিসে হাত-পা বেঁধে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ তার পরিবারের। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর তোলপাড় শুরু হলে জামিন পান আরিফুল। অভিযোগ উঠে, সংবাদ প্রকাশের জেরে জেলা প্রশাসক সুলতানা পারভীনের নির্দেশে আরিফুলকে নির্যাতন ও সাজা দেওয়া হয়েছে। পরে ব্যাপক সমালোচনার মুখে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা হয় সুলতানা পারভীন ও নাজিমউদ্দিন এবং সহকারী কমিশনার রিন্টু চাকমা ও এসএম রাহাতুল ইসলামকে। গত ১৯ মার্চ এ চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে কুড়িগ্রাম থানায় এজাহার করেন আরিফুল।

ওই ঘটনায় উচ্চ আদালতের সিদ্ধান্ত জানতে গতকাল হাইকোর্টে আসেন সাংবাদিক আরিফুল ইসলাম। রিটকারীর আইনজীবী ইশরাত হাসান আদালতে ওই সাজার বিষয়ে অসংগতি তুলে ধরে বলেন, সাজা দেওয়ার ক্ষেত্রে আসামির দোষ স্বীকারোক্তিমূলক নথিতে আসামির নাম দেখানো হয়েছে মো. রফিকুল ইসলাম। আসামির বাবার নাম উল্লেখ করা হয়েছে মৃত রফিকুল ইসলাম। এছাড়া সাংবাদিক আরিফুলকে সাজা দেওয়া হয়েছে ১৩ মার্চ। কিন্তু সাজার আদেশের নথিতে স্বাক্ষর করা হয়েছে ১৪ মার্চ।

রিট আবেদনে আরিফুলকে পক্ষভুক্ত করতে আইনজীবী ইশরাত হাসানকে পরামর্শ দেয় আদালত। এরপর আরিফুলকে পিটিশনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আদালত শুনানি নিয়ে রুলসহ আদেশ দেয়। আরিফুলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে শুনানিতে ছিলেন এএম আমিনউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত