৩৯তম বিশেষ বিসিএসে আরও ৯২ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১৯ এপ্রিলের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের পর এর আগে গত ১৯ নভেম্বর এই বিসিএসে ৪ হাজার ৪৪৩ জন ও ৮ ডিসেম্বর ১৬৮ জন এবং ২১ জানুয়ারি ১৮ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। এখন ৯০ জন চিকিৎসককে সহকারী সার্জন ও ২ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হলো।
জানা গেছে, ৩৯তম বিশেষ এই বিসিএসে মুক্তিযোদ্ধা কোটার এসব উত্তীর্ণ প্রার্থীদের অভিভাবকদের মুক্তিযোদ্ধার সনদ যাচাই-বাছাই কার্যক্রম চলমান থাকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ছাড়পত্র দিতে দেরি করে। এ কারণে তাদের নিয়োগ দিতে দেরি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
