করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকার দেশবাসী জনগণ যাত্রীসাধারণ মালিক শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত সারা দেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।”
তবে ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন- এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
আরও বলা হয়, পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
মঙ্গলবার সকালে মন্ত্রণালয় হতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় এ কথা জানান।
এ দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সোমবার রাত ১২টা থেকে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে। বন্ধ হচ্ছে যাত্রীবাহী নৌযানও।
