ভোলার দৌলতখান উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে জহিরুল (২৫) নামে এক যুবককে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলার দৌলতখান হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। জেলায় এটিই প্রথম কোনো করোনা রোগী। তার বাসা দৌলতখান পৌরসভায়।
বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসেন। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার করোনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা পাঠানোর পক্রিয়া চলছে, পরীক্ষা করেই নিশ্চিত করা যাবে।
সিভিল সার্জন বলেন, আইসোলেশনে থাকা যুবক ঢাকা থেকে আসা তার এক বন্ধুর সংস্পর্শে এসেছিলেন। নমুনা পাঠানোর পর চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে সে করোনায় আক্রান্ত কিনা।
এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩২২ জন বিদেশ থেকে আসা প্রবাসীকে বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
