করোনার জন্য প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ স্থগিত

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৬:৪৪ পিএম

মুক্তিযুদ্ধের ভয়াল কালরাত ২৫ মার্চ স্মরণে প্রায় এক দশক যাবৎ ‘লালযাত্রা’র আয়োজন করে আসছে নাট্য সংগঠন প্রাচ্যনাট। কিন্তু এ বছর দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন প্রাচ্যনাটের সদস্য ও লালযাত্রা’র নির্দেশক রাহুল আনন্দ।

তিনি বলেন, ‘দেশের এই পরিস্থিতে লোক সমাগম করে কোনো কিছুই করা যাচ্ছে না। যেখানে পুরো পৃথিবী একটা বিপর্যয়ের সময় পার করছে, সেখানে সবার নিরাপত্তার কথা চিন্তা করে এবার লালযাত্রা’র আয়োজনটি করা হচ্ছে না। তবে প্রতীকীভাবে ২৫ মার্চ স্মরণের পরিকল্পনা করছে প্রাচ্যনাট।’

রাজধানীতে নবমবারের মতো ‘লালযাত্রা’ কর্মসূচি পালন করেছে নাট্যসংগঠন প্রাচ্যনাট। মূলত একটি ইম্প্রভাইজেশন অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় ‘লালযাত্রা’। এরপর ফুলার রোডের সড়কদ্বীপের স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। লালযাত্রায় প্রাচ্যনাটের শিল্পীরা তুলে ধরেন সেই ভয়াল কালরাতের রক্তাক্ত সময়। প্রাচ্যনাটের শিল্পীদের সঙ্গে সাধারণ মানুষও সম্পৃক্ত হন এই পদযাত্রায়। সবার কণ্ঠে থাকে ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি। সবশেষে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করা হয়।

রাহুল আনন্দ বলেন, ‘৫২ থেকে ৭১ কিংবা ৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর, সেটা তো ইতিহাসের পথে হেঁটে যাওয়া। আমরা আসলে হেঁটে চলি আমাদেরই পূর্বপ্রজন্মের রক্তভেজা পথে। ১৯৭১ সালের ২৫ মার্চে এ দেশের মানুষের সঙ্গে যে নৃশংসতা হয়েছিল সেটা স্মরণ করতেই এই আয়োজন। তবে এবার আয়োজনটি না করতে পারলেও শহীদের প্রতি আমরা নিজেদের অবস্থান থেকেই শ্রদ্ধা জানাবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত