আফগানিস্তানের জন্য পূর্বনির্ধারিত এক বিলিয়ন ডলারের (৮ হাজার ৩৯৭ কোটি ৩২ লাখ টাকা) সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ সহায়তা বাতিলের ঘোষণা দেন বলে জানিয়েছে আলজাজিরা।
পূর্বঘোষণা ছাড়াই সোমবার আফগানিস্তান সফরে যান মাইক পম্পেও। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও দেশটির প্রেসিডেন্ট পদের আরেক দাবিদার আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে সমঝোতা স্থাপনের চেষ্টা করেন। তিনি মূলত দুজনের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু দুই নেতা নিজ নিজ অবস্থানে অটল থাকায় সমঝোতা প্রতিষ্ঠা সম্ভব হয়নি। আশরাফ ঘানি এবং আবদুল্লাহ আবদুল্লাহ উভয়ই দেশটির গত প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের বিজয়ী বলে দাবি করেন। নির্বাচনের পর অনুগতদের নিয়ে দুজনই পৃথক পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন।
