শ্রমিকের ৬ মাসের বেতন সরকারের কাছে চায় বিটিএমএ

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:৪৩ পিএম

করোনার প্রভাব মোকাবিলায় শ্রমিকদের ঈদের বোনাসসহ ৬ মাসের বেতনসহ প্যাকেজ প্রণোদনা চায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তা না হলে টেক্সটাইল মিলগুলো চালু রাখা কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় মিলগুলো চালু রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্যাকেজ প্রণোদনা চেয়ে চিঠি দিয়েছে বিটিএমএ।

বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন স্বাক্ষরিত ওই চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বরাবর। সম্প্রতি দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বব্যাপী ভয়াবহ মহামারী আকারে ধারণ করেছে। এর নেতিবাচক প্রভাবে আমাদের রপ্তানি আয়ের অন্যতম খাত তৈরি পোশাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। গত এক মাসের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান তাদের তৈরি পোশাকের রপ্তানি আদেশ বাতিল ও স্থগিত করায় তৈরি পোশাকের রপ্তানি হ্রাস পেয়েছে। যার প্রভাব স্থানীয় টেক্সটাইল স্পিনিং ও ফেব্রিক মিলগুলোতেও পড়েছে। এজন্য প্যাকেজ প্রণোদনা প্রয়োজন। চিঠিতে বলা হয়েছে, টেক্সটাইল মিলগুলোতে কর্মরত শ্রমিক-কর্মচারীর বেতন, মজুরি ও বোনাস ব্যয় নির্বাহের জন্য ৬ মাসের সমপরিমাণ অর্থের একটি তহবিল গঠনপূর্বক তা থেকে সংশ্লিষ্ট মিলগুলোকে সুদমুক্ত ঋণ প্রদানের সুযোগ দেওয়াসহ গৃহীত ঋণপরবর্তী ৩৬ মাসে সমান কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা, বিদ্যমান টার্ম লোনের সুদ ৬ মাসের জন্য মওকুফসহ টার্ম লোন পরিশোধের ৬ মাসের ম্যারাটোরিয়ামসহ তার রি-প্যামেন্ট পিরিয়ড এক বছরে বৃদ্ধি করে ঋণ পুনঃতফসিলিকরণের সুবিধা প্রদান করা, মার্চ হতে আগামী ৬ মাসের ইউটিলিটি তথা গ্যাস/বিদ্যুৎ বিলের অর্থ একটি বকেয়া রেখে এ রেখে তা পরবর্তী ১২ মাসের সমান কিস্তিতে সুদ ও সারচার্জ ব্যতিরেকে পরিশোধের সুযোগ প্রদান করা, বিদ্যমান নগদ সহায়তা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ন্যূনতম ৭ শতাংশে উন্নীত করার দাবি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত