কোয়ারেন্টাইনে প্রস্তুত ২৯৪ প্রতিষ্ঠান

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০১:০৬ এএম

করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ২৯৪টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ১৬ হাজার ৯৪১ জনকে সেবা দেওয়া যাবে। এছাড়া আইসোলেশনের জন্য ৪ হাজার ৫৩৯টি শয্যা প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ঢাকায় ১ হাজার ৫০টি শয্যা আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা, যাত্রাবাড়ীর সাজেদা ফাউন্ডেশন হাসপাতলে ২৯টি আইসিইউ প্রস্তুত রয়েছে। পাশাপাশি আরও ১৬টি আইসিইউ শয্যা প্রস্তুতির কাজ চলছে। কুয়েত মৈত্রী হাসপাতালে ৫টি ডায়ালাইসিস শয্যা প্রস্তুত আছে। আশকোনা হজ ক্যাম্পে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৩০০ জনকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা আছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হোম কোয়ারেন্টাইনসহ হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে আছেন ৬ হাজার ২৪২ জন। গত ২১ জানুয়ারি থেকে মোট কোয়ারেন্টাইনে আছেন ৩৭ হাজার ৩৮ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৯ হাজার ৮৫৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ২৭ হাজার ১৮০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত