নিরুপায় চিকিৎসকরা রেইনকোট পরে হাসপাতালে

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০১:০৮ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও নার্সদের জন্য সরকারিভাবে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ না করায় রেইনকোট পরে ডাক্তাররা আউটডোরে চিকিৎসা দিচ্ছেন। অন্যদিকে নার্সরা সুরক্ষা ড্রেস ছাড়াই দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারি নির্দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য পুরাতন ভবনের মহিলা কেবিনে আইসোলেশন কক্ষ তৈরি করে ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। কিন্তু চিকিৎসা প্রদানের জন্য এখন পর্যন্ত করোনা শনাক্ত করার কোনো কিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি। ফলে করোনা শনাক্তের কোনো উপায় নেই। একই সঙ্গে এখনো হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্য স্টাফদের কোনো পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরকারিভাবে সরবরাহ করা হয়নি। হাসপাতালের ডাক্তার ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় সাধারণ জ¦র-সর্দি-কাশি রোগী এলে ডাক্তার ও নার্সরা আতঙ্কের মধ্যে চিকিৎসা দিচ্ছেন। গতকাল মঙ্গলবার দুুপুরে রেইনকোট পরিহিত অবস্থায় হাসপাতালে আউটডোরে আসা রোগীদের চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, আসলে সরকারে সুরক্ষা ড্রেস এখনো আসেনি। তাই আমাদের নিরাপত্তার জন্য নিজেরাই রেইনকোট ক্রয় করে চিকিৎসা প্রদান করছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত