গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত নতুন ৫০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় সিভিল সার্জন অফিস।
জেলায় গত ১৬ মার্চ হতে এ পর্যন্ত ৬৫৩ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ১৪৩ জনের হোম কোয়ারেন্টাইন ১৪ দিন শেষ হয়েছে।
বুধবার পর্যন্ত বিদেশফেরত ৫১০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
তাদের বেশির ভাগ ব্যক্তি ভারত থেকে পঞ্চগড়ে এসেছে। এছাড়া সৌদি আরব, দুবাই, দক্ষিণ কোরিয়া, আমেরিকা ফেরত ব্যক্তিও হোম কোয়ারেন্টাইনে আছে পঞ্চগড়ে।
এদিকে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে রাখা ব্যক্তির স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে বলে জানা গেছে।
এর আগে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান,আইসোলেশনে থাকা ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ঐ ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ হয়নি এটি নিশ্চিত নয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
অপরদিকে পঞ্চগড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পঞ্চগড়ের দুটি পৌরসভার উদ্যোগে করোনা সচেতনতায় কর্মসূচি অব্যাহত রয়েছে।
এছাড়া জেলার পাঁচটি উপজেলা নির্বাহী অফিসাররা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলার হাটবাজার, দোকানপাট, হোটেল রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিয়েছে।
