করোনায় সহায়তা

স্পেনে ৫০ কোটি ইউরোর

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:৫৫ পিএম

করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব দেশে ফুটবল বন্ধ রয়েছে। লিগগুলো বন্ধ থাকলেও দিতে হচ্ছে খেলোয়াড়, কোচ স্টাফদের বেতন। অনেক স্প্যানিশ ক্লাবই পড়েছে আর্থিক সংকটে। আর্থিক সংকটে পড়া ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইফ)। ৫০ কোটি ইউরোর তহবিল চালু করতে যাচ্ছে সংস্থাটি। ওদিকে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে খেলোয়াড়দের বেতন কাটার পথে হেঁটেছে সুইজারল্যান্ডের ফুটবল ক্লাব সিওঁ। সে সিদ্ধান্ত না মানায় বরখাস্ত করা হয় ৯ খেলোয়াড়কে। ক্লাবটির এমন পদক্ষেপ অগ্রহণযোগ্য বলেছে সুইস প্লেয়ার্স ইউনিয়ন। এদিকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা বেতনের ২০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে ওপরের দিকে স্পেন। সেখানকার লা লিগা বন্ধ অনির্দিষ্টকালের জন্য। খেলা না থাকায় যে ক্লাবগুলো টেলিভিশন স্বত্বের অর্থ পাবে না তাদেরকে আর্থিক সহায়তা দেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তহবিল। মূলত অর্থ ধার দিচ্ছে তারা। ফেরত দিতে হবে ক্লাবগুলো পাবে ৫ বছর। একই সঙ্গে অপেশাদার পুরুষ ও নারী দলগুলোর জন্য ৪০ লাখ ইউরো ঋণের সুযোগও রেখেছে আরএফইএফ। স্প্যানিশ ফেডারেশনটি প্রস্তাব দিয়েছে জাতীয় দলের হোটেল করোনার জন্য কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহারের জন্য। এছাড়া ক্লাবগুলোর সাইকোলোজিস্ট, ফিজিওথেরাপিস্টসহ সব স্টাফের সহায়তাও চাইলে নিতে পারবে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এদিকে, বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে বলা হয়, ২০ শতাংশ করে কম নেওয়ায় করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া সংকটের সময়ে ক্লাবের অন্য কর্মচারীদের বেতন দিতে সুবিধা হবে। গত সপ্তাহে দেশটির প্রথম ক্লাব হিসেবে বরুসিয়া মনশেনগ্লাডবাখের খেলোয়াড়রা তাদের বেতন কম নেওয়ার কথা জানান। ক্লাব সিঁও’র ৯ জন ফুটবলারকে বরখাস্ত করায় প্রতিক্রিয়া জানিয়ে সুইস প্লেয়ার্স ইউনিয়ন (এসএএফপি) প্রেসিডেন্ট লুসিয়াঁ ভালোনি বলেন, ‘সংকট দেখা দিলে আপনাকে আপনার কর্মচারীদের দিকে খেয়াল রাখতে হবে; তাদের মাথায় বন্দুক রেখে বলা যাবে না, বেতন কর্তনের সিদ্ধান্তে হ্যাঁ অথবা না বলার জন্য তাদের হাতে ২৪ ঘণ্টা সময় আছে। আর তারা যদি ‘না’ বলে, যে অধিকার তাদের আছে, তাহলে তাদের বরখাস্ত করা হবে।’ তার মতে, ক্লাবের বেতন কাটার সিদ্ধান্ত ছিল অযৌক্তিক। সমস্যা সমাধানে তারা অন্য কিছুও ভাবতে পারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত