করোনায় সহায়তা

তহবিল গড়লেন পাকিস্তানি ক্রিকেটাররাও

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:৫৬ পিএম

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বেতনের অর্ধেক দিয়ে গঠন করেছেন ২৬ লাখ টাকার তহবিল। একই দিন একই উদ্যোগ নিয়েছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা। দেশটির সরকারের জরুরি তহবিলে বড় অঙ্কের আর্থিক সাহায্য দিতে যাচ্ছেন তারা। কেবল ক্রিকেটাররাই নয়, সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা-কর্মচারীরাও।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া একটি বিবৃতিতে আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। তারা বলেছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা মিলে জরুরি তহবিলে দান করবেন ৫০ লাখ পাকিস্তানি রুপি। আর বোর্ডের সিনিয়র ম্যানেজার পদমর্যাদা পর্যন্ত সবাই এক দিনের বেতন এবং জেনারেল ম্যানেজার ও এর ওপরের পদে থাকা সবাই দুই দিনের বেতন দান করবেন।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড কঠিন সময়গুলোতে সবসময় পাকিস্তানের জনগণের পাশে দাঁড়িয়েছে।... আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের সুস্থতা ও সাফল্যের জন্য প্রার্থনা করে যাচ্ছি, যেন আমাদের সমাজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর আমরা যারা পিসিবিতে আছি, তারা সামান্য অবদান রাখছি, যা সরকারকে কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে।’

করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাংলাদেশের ১৭ ক্রিকেটারের সঙ্গে কিছু দিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে খেলা আরও ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন তহবিল গঠনের ঘোষণা দেন। খেলোয়াড়দের প্রত্যেকে দান করছেন তাদের এক মাসের বেতনের অর্ধেক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিভুক্ত ও গেল তিন মাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বিভিন্ন গ্রেডের ক্রিকেটারদের এই তহবিলে জমা পড়বে ৩০ লাখ টাকারও বেশি। তবে কর কাটার পর ২৬ লাখ টাকার মতো থাকবে বলে মনে করছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। সংকটকালে এই অর্থ তারা পৌঁছে দিতে চান করোনাভাইরাস প্রতিরোধের কাজে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত