করোনার প্রভাব মোকাবিলায় রপ্তানি খাতের শ্রমিকদের বেতনবাবদ সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজে গার্মেন্টস এবং এক্সেসরিজ খাতকেও অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা। এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএপিএমইএর সভাপতি আবদুল কাদের খান গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অনুরোধ করেন। এতে তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প খাত এখন বিপর্যস্ত। বিদেশি ক্রেতারা প্রতিদিন রপ্তানি আদেশ বাতিল এবং স্থগিত করছে। এ অবস্থায় শিল্প কারখানা চালু রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতনভাতা পরিশোধ কঠিন হয়ে পড়েছে। ঠিক এরকম মুহূর্তে উদ্যোক্তারা যাতে শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারে সে লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ ঘোষণাকে স্বাগত জানান তারা। পাশাপাশি বিজিএপিএমইএ ১৭০০ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতকে এ ঘোষণার আওতায় রাখার অনুরোধ জানাচ্ছেন তিনি। আবদুল কাদের খান বলেন, পোশাক শিল্পের মতো তারাও করোনায় ঘটনায় সমানভাবে ক্ষতিগ্রস্ত। কাজ নেই। শ্রমিকদের বসিয়ে রেখে বেতন দিতে হবে। কিন্তু টাকা আসবে কোত্থেকে। পোশাক খাতসহ ওষুধ, হিমায়িত খাদ্য, সিরামিক, চামড়াসহ অন্যান্য রপ্তানিপণ্যের এক্সেসরিজের ৯৫ ভাগ জোগান দেয় বিজিএপিএমইএর কারখানাগুলো।
×
