করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বেচ্ছা ঘরবন্দি বা হোম কোয়ারেন্টাইনে থাকতে সরকারি নির্দেশ থাকলেও বিভিন্ন স্থানে প্রবাসীরা তা না মানায় অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ে করার দায়ে ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া গ্রামে মো. রাসেল নামে এক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর রাসেলের বিরুদ্ধে কোয়ারেন্টাইন ঠিকমতো পালন না করারও অভিযোগ রয়েছে। হোম কোয়ারেন্টাইন না মানায় নীলফামারীর জলঢাকায় ভারতফেরত চার ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আর সরকারি নির্দেশ না মেনে বিক্রয় প্রতিনিধিদের জমায়েত করার অপরাধে লিভার ব্রাদার্সের সিরাজগঞ্জ জেলা পরিবেশককে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছে।
ঢাকার দোহার পৌরসভার উত্তর জয়পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. রাসেল নোটারি পাবলিকের মাধ্যমে বগুড়ার একটি নাবালিকা মেয়েকে বিয়ে করেন। রাসেল গত ৮ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন। খবর পেয়ে গত বুধবার রাতে রাসেলের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ে করার অপরাধে তাকে আটক করা হয়। পরে গতকাল সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, ৭(১) ধারায় রাসেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বাবার বাড়িতে রাখতে এবং তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন না করার শর্তে মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়।
গতকাল দুপুর আড়াইটার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা মহল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কোয়ারেন্টাইনে না থাকায় ভারতফেরত চার ব্যক্তিকে জরিমানা করেছেন। এ কথা জানিয়েছেন জলঢাকা থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান। পুলিশ জানায়, ওই চার ব্যক্তি ভারত সফর শেষে সম্প্রতি জলঢাকা পৌরশহরে মাথাভাঙ্গা মহল্লায় নিজ বাড়িতে ফিরলে স্বাস্থ্য বিভাগ তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়। সেই নির্দেশ অমান্য করে তারা গতকাল দুপুরে বাড়ির বাইরে চলাফেরা করছিল। ভ্রাম্যমাণ আদালত তাদের ২৮ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।
সরকারি নির্দেশ না মেনে বিক্রয় প্রতিনিধিদের এক স্থানে জমায়েত করার অপরাধে লিভার ব্রাদার্সের সিরাজগঞ্জ জেলা পরিবেশক মেহেদী ইয়ার্ন এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান বোখারীকে (৩৮) গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান শহরের গোশালা ফজলুল হক রোডের হাজী আবদুল হামিদ ভুইয়ার ছেলে।
এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, নীলফামারী প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রতিনিধি
