আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র মৃত্যুতে ইতালি

আপডেট : ২৮ মার্চ ২০২০, ১২:১৪ এএম

করোনাভাইরাসে বিশ্বের আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন করোনাভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা ৯৩ হাজার ৮৮১ জন। আর মৃতের সংখ্যা ১ হাজার ৪২৩। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এ ভাইরাসের উৎপত্তিস্থল চীন এবং প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল ইতালিকেও পেছনে ফেলেছে। চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৩৪০ জন। আর ইতালিতে ৮৬ হাজার ৯০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

নানা কঠোর পদক্ষেপ এবং জনজীবনে বিধিনিষেধ জারি করে চীন আড়াই মাসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। কিন্তু এর মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বাকি বিশ্বে।

চীনের পর সবচেয়ে বেশি বাজে পরিস্থিতি হয় ইতালিতে। সেখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা আর দক্ষিণ এশিয়ার অনেক দেশে। মার্চের মাঝামাঝি সময়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপকে করোনাভাইরাস মহামারীর নতুন কেন্দ্রভূমি হিসেবে বর্ণনা

করে। কিন্তু এরপর যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। দুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রই করোনাভাইরাস মহামারীর নতুন কেন্দ্রভূমি হয়ে উঠতে যাচ্ছে।

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সিনেটে ২ লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল পাস হয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মহামারীতে চাকরি হারানো কর্মী ও ক্ষতিগ্রস্ত শিল্পকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য এই অর্থ ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ইতালির চিকিৎসাকর্মীরা। ভাইরাসটির সংক্রমণ শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার চিকিৎসাসংশ্লিষ্ট কর্মী আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্সকর্মীসহ স্বাস্থ্য খাতের অন্য কর্মীরাও রয়েছেন। সংক্রমণ শুরুর প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রীর অভাবের মধ্যে অসুস্থদের সংস্পর্শে আসায় তারা আক্রান্ত হন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালির ৪১ জন চিকিৎসাকর্মী মারা গেছেন।

এদিকে ভারতের পাঞ্জাবে গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এক বৃদ্ধ। মৃত্যুর আগে তার সংস্পর্শে এসে অন্তত ২৩ জন সংক্রমিত হয়েছে বলেই তথ্য দিয়েছে রাজ্য প্রশাসন। পাঞ্জাবে এখন পর্যন্ত ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রশাসনের দাবি, এর মধ্যে ওই ২৩ জনই সেই বৃদ্ধের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছে। পাঞ্জাবে তিনিই প্রথম করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি।

এনডিটিভি জানায়, ৭০ বছরের ওই বৃদ্ধ গুরুদ্বারের পুরোহিতের কাজ করতেন। তিনি ইতালি ও জার্মানি থেকে ফিরেছিলেন ২ সপ্তাহের সফর শেষে। তার সঙ্গে ছিলেন পাশের গ্রামের দুই সঙ্গী। বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনের নিয়ম মানেননি তিনি। এ মাসের শুরুতে অনেকের সঙ্গেই তিনি মেলামেশা করেছেন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৭৬৭ মানুষ। কেবল গত বৃহস্পতিবারই ৬০ হাজারের বেশি মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ ভাইরাসে মৃতের সংখ্যা ইতিমধ্যে ২৬ হাজার ৪০০ জন ছাড়িয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত