হাবিবুল বাশারের মা আর নেই

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১২:৩৭ এএম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের মা রিজিয়া বেগম (৭২) গতকাল শনিবার দুপুর সোয়া ১টায় কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রিজিয়া বেগম অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই গত ২২ মার্চ মাকে দেখে ঢাকায় ফিরেছিলেন হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, ‘অনেক দিন থেকেই মা অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। কিছুদিন ধরে শরীরটা বেশি খারাপ হয়ে যায়। কদিন আগেই মাকে দেখতে বাড়ি গিয়েছিলাম। কিন্তু এ সময়ে যে আমাদের ছেড়ে চলে যাবেন তা ভাবতেই পারছি না। দুপুর সোয়া ১টার দিকে খবর পাই মা আর নেই।’ বাবা কাজী মোতালেব উদ্দিনকে আগেই হারিয়েছেন বাশার। মেজ ভাই নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের এক সময়ের গোলকিপার একরামুল বাশার তুহিনও দুরারোগ্য ক্যানসারে মারা গেছেন কয়েক বছর আগে। এবার চলে গেলেন তার মাও। তার বড় ভাই ক্রিকেট কোচ এমদাদুল বাশার রিপনও মায়ের মৃত্যু সংবাদ শুনে মুষড়ে পড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত