রোহিঙ্গাদের উখিয়া ট্রানজিট ক্যাম্প কোয়ারেন্টাইন সেন্টার

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০২:১৩ এএম

করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহারের জন্য কক্সবাজারের উখিয়ার টিভি রিলে কেন্দ্র সংলগ্ন রাবার বাগান ট্রানজিট ক্যাম্পকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর করা হয়েছে। সেজন্য এটিকে প্রয়োজনীয় সংস্কার করে বেডসহ আনুষঙ্গিক সরঞ্জাম, আসবাবপত্র ও চিকিৎসা সামগ্রী দিয়ে প্রস্তুত করা হয়েছে। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার (জ্যেষ্ঠ যুগ্ম সচিব) বলেন, কোনো রোহিঙ্গাকে কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজনীয়তা দেখা দিলে সেখানে রাখা হবে।

আরআরআরসি কমিশনার গত বৃহস্পতিবার সেন্টারটি পরিদর্শন করেন। এছাড়া উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেখানে স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কার্যক্রমসহ করোনাভাইরাস প্রতিরোধে গৃহীত কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় মাহবুব আলম তালুকদার বেশিরভাগ রোহিঙ্গাকে নিজ নিজ ঘরে অবস্থান করতে দেখেন।

আরআরআরসি কমিশনার আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনাগুলো বর্মি ভাষায় অনুবাদ করে রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হচ্ছে। যাতে তারা সহজে সেগুলো বুঝে পালন করতে পারে।’ এ সময় মসজিদে না গিয়ে রোহিঙ্গাদের ঘরে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে এবং কোনো অবস্থাতেই যেন কোনো জমায়েত না হয়, সেজন্য ক্যাম্প ইনচার্জ ও অন্যান্য দায়িত্বশীলদের কড়া নজরদারি করার নির্দেশনা দেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বলেন, ‘রোহিঙ্গাদের জন্য একটি প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত