বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা নভেল করোনাভাইরাস নিয়ে চলছে নানা গুজব। দেশেও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিন ধরে গুজব অব্যাহত রয়েছে। এর পাশাপাশি তিন শতাধিক কর্মী নিয়ে একটি চক্র রাজধানী ঢাকায় গুজব ছড়াতে বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ করছে। যেখানে লেখা আছে, ‘ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে কিছু নেই। ছোঁয়াচে রোগ বিশ্বাস করা হারাম, কাট্টা কুফরী ও শিরকের অন্তর্ভুক্ত’। চক্রটি ৩২টি প্রাইভেটকারের সহায়তায় এই গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীমের নেতৃত্বে এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ ও রমনা মডেল থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ করছে চক্রটি। এই চক্রের হোতা রাজারবাগ দরবার শরিফের ‘রাজারবাগী হুজুর’। রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার রাজারবাগ ৩ নম্বর গেটের বিপরীত পাশে রাজারবাগ দরবার শরিফ আঞ্জুমান অফিসের দ্বিতীয় তলায় থাকেন ওই রাজারবাগী হুজুর। সেখান থেকে তার সাঙ্গপাঙ্গরাই এই গুজব প্রচারে অংশ নিয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে আওকাত হোসেন (৫৩) নামের একজনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ। সে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মৌচাক এলাকা থেকে একটি মাইক্রো ও বেশ কিছু লিফলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করে রমনা মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মোসলেম উদ্দিন, মফিজুল, তাওহিদুল, ফেরদৌস ও ফরিদ হোসেন।
ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় ঢাকা মেডিকেলের সামনে থেকে লিফলেট বিতরণকালে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌচাক থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
তিনি আরও বলেন, ‘রাজধানীজুড়েই ৩২টি প্রাইভেটকার নিয়ে লিফলেট বিতরণে নেমেছে চক্রটি। প্রতিটি প্রাইভেটকারে ৮ থেকে ১০ জন করে সদস্য রয়েছে বলে জানা গেছে। এই গুজব প্রচারকারীদের হোতা রাজারবাগী হুজুর। চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গুজব ছড়ানো এক পাতার ওই লিফলেটের একটি কপি এসেছে দেশ রূপান্তরের হাতে। যেখানে লেখা আছে, ‘মুসলমানদের জন্য করোনাভাইরাস কোনো আতঙ্কের কারণ নয়, বরং কাফিরদের প্রতি কঠিন আজাব-গজব। মহাসম্মানিত ইসলামি শরিয়ত উনার ফতওয়া অনুযায়ী ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে কিছু নেই। ছোঁয়াচে রোগ বিশ্বাস করা হারাম, কাট্টা কুফরী ও শিরকের অন্তর্ভুক্ত।’ এছাড়া ওই লিফলেটে আরও লেখা আছে, ‘করোনাভাইরাস ছোঁয়াচে কোনো রোগ বা মহামারী নয় বরং কাফির গোষ্ঠীর ওপর আপতিত এক মহাগজব।’ ‘ছোঁয়াচে বা সংক্রামক রোগ বলতে কিছু নেই।’
করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘গুজব ছড়ানোর বিষয়টি সাইবার ক্রাইম বিভাগ দেখছে। আমরা চিহ্নিত করতে পারলে তাদের বিরুদ্ধে মামলা করছি।’ লিফলেট বিতরণকারীদের বিষয়ে তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে মামলা হবে এবং ব্যবস্থাও নেওয়া হবে।’
