বগুড়ার শিবগঞ্জে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মাসুদ রানা (৪৫) নামে এক ব্যক্তি গতকাল শনিবার ভোরে মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যবসায়ীকে হাসপাতালে নেওয়ার জন্য তার স্ত্রীর ডাকে গত শুক্রবার রাতে প্রতিবেশীদের কেউই সাড়া দেননি। এরপর অ্যাম্বুলেন্সের জন্য রাতভর চেষ্টা ও একের পর এক হটলাইনে ফোন করেও ব্যর্থ হন ওই নারী। মাসুদ রানা কাহালু উপজেলার মুরইল গ্রামের কোরবান আলী শেখের ছেলে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছে। যে বাড়িতে ওই ব্যক্তি মারা গেছেন সেই বাড়িসহ আশপাশের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান করছেন। আইইডিসিআরের নির্দেশনা মোতাবেক তার মরদেহ দাফন করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, মাসুদ রানা গাজীপুরের কাশিমপুর এলাকায় ব্যবসা করতেন। তার স্ত্রী সাজেদা বেগম বেসরকারি সংস্থা টিএমএসএসের শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাঁড়িদহ শাখায় কর্মরত। তিনি দাঁড়িদহ হাটের পাশে মহব্বত নন্দীপুর গ্রামে ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে ভাড়াবাসায় থাকেন। মাসুদ রানা গাজীপুরে অবস্থানকালে গত ২৪ মার্চ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। এ অবস্থায় শুক্রবার তিনি শিবগঞ্জে স্ত্রীর বাসায় চলে যান। সন্ধ্যার পর তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে সেবন করেন। ভোররাতে তার মৃত্যু হয়।
মাসুদ রানার স্ত্রী সাজেদা বেগম জানান, তার স্বামীর অবস্থার অবনতির পর এলাকাবাসীকে ডেকেও কাউকে বাড়িতে আনতে পারেননি। জ্বর ও শ্বাসকষ্টের কথা শুনে কেউ বাড়িতে আসার সাহস পাননি। পরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন করে অ্যাম্বুলেন্সের সহযোগিতা চান তিনি। কিন্তু কেউ সহযোগিতা না করায় আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু সেখানে কেউ ফোন না ধরায় তিনি বগুড়ায় করোনাভাইরাস মোকাবিলায় গঠিত মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটের হটলাইনে ফোন দিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজলকে বিষয়টি জানান। ডা. কাজল বিষয়টি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান। পরে ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোরতজা আবদুল হাই শামীম গতকাল সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল বলেন, ‘বিষয়টি আইইডিসিআরে জানানো হলে নমুনা হিসেবে মৃতদেহের লালা সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।’
