মশার কয়েল থেকে আগুন

দগ্ধ মা ও দুই সন্তানের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০২:৪৪ এএম

রাজধানীর পল্লবীতে একটি বাসায় মশার কয়েল থেকে লাগা আগুন ঘরে ছড়িয়ে পড়ায় দগ্ধ হয়ে এক মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। তারা হলেন মা কল্পনা বেগম (৩৫), তার মেয়ে জান্নাত আক্তার (১২) ও ছেলে কাওসার হোসেন (১০)। গতকাল শনিবার ভোরে পল্লবীর সেকশন-১১ এর ডি-ব্লকের ১৬ নম্বর রোডের ১০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার দেশ রূপান্তরকে বলেন, গতকাল ভোর ৪টার দিকে আমরা পল্লবীর বাউনিয়া বাঁধে একটি বাসায় আগুন লাগার সংবাদ পাই। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন ভোর সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ছোট ছোট তিনটি ঘর পুড়ে যায়। পুড়ে যাওয়া একটি ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মশার কয়েল থেকে আগুন ওই বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে এক মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) শাফিয়ার রহমান বলেন, ভোরে মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সরকারি জমিতে ছোট ছোট টং ঘর তুলে ভূমিহীন গরিব মানুষ সেখানে বসবাস করে। কল্পনা তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তার স্বামী জুলফিকার রাতে প্রথম স্ত্রীর সঙ্গে অন্য জায়গায় ছিলেন। পাশের দুটি ঘরে আরও মানুষ ছিল, আগুন লাগার পর তারা বের হয়ে যেতে পারলেও কল্পনারা বের হতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত