করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় মেয়র খোকন বলেন, ‘আমাদের নগরবাসীর অনেকেই দিন এনে দিন খান। তাদের অনেকেই দিনমজুর। এখানে অনেক মানুষ রয়েছেন যারা নিম্নবিত্ত। করোনাভাইরাসের কারণে আজ তারা কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকার কারণে তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করা দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি ও তার সরকারকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।’
