করোনা তহবিলে অক্ষয় দিলেন ২৫ কোটি রুপি

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৯:৪৬ এএম

করোনার সংক্রমণ রোধে ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই সময়ে অসচ্ছল চলচ্চিত্রকর্মী ও সাধারণ মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন তারকারা।

আনন্দবাজার পত্রিকা জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ‘পিএম কেয়ারস’-এ ২৫ কোটি রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন অক্ষয় কুমার।

প্রিয় নায়কের এই উদ্যোগের প্রশংসা করছেন ভক্তরা। অক্ষয়ের অনেক কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দেওয়া স্ত্রী টুইঙ্কেল খান্না শনিবার টুইটে লেখেন, ‘‘আমি তার কাজে গর্বিত।’’

অবশ্য এ ব্যাপারে প্রথম উদ্যোগ নেন রজনীকান্ত। দিন প্রতি হিসেবে যারা রোজগার করেন তাদের জন্য ৫০ লাখ রুপি দিয়েছিলেন।

বলিউড তারকা হৃতিক রোশন টুইট করে জানিয়েছেন, বোম্বের মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সব কর্মীরা কাজ করছেন তাদের জন্য মাস্কের বন্দোবস্ত করবেন। ২০ লাখ রুপিও দান করেছেন তিনি। কপিল শর্মা ৫০ লাখ রুপি দিয়েছেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে।

শুক্রবার তামিল তারকা প্রভাস দান করেন ৪ কোটি রুপি। ৩ কোটি দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে। বাকি টাকা অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা সরকারের সাহায্যে।

দক্ষিণী তারকা মহেশ বাবুও অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা সরকারকে করোনাভাইরাসের মোকাবিলা করার জন্য ১ কোটি রুপি সাহায্য করেছেন।

আরেক দক্ষিণী তারকা পবন কল্যাণ প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ১ কোটি রুপি দান করেছেন। পাশাপাশি অন্ধ্র এবং তেলঙ্গানার সরকারকেও ৫০ লাখ রুপি করে অর্থ সাহায্য করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাম চরণও। ৭০ লাখ টাকা দান করেছেন তিনি।

বিজেপির সংসদ সদস্য হেমা মালিনী ১ কোটি ও সানি দেওল ৫০ লক্ষ টাকা দেবেন তাদের এমপিল্যাড থেকে।

দৈনিক হিসেবে কাজ করা কর্মীদের জন্য এগিয়ে এসেছেন বলিউডের অন্যান্য শিল্পীরাও। তাদের মাঝে আছেন করণ জোহর, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, সোনম কপূর, ভূমি পেডনেকর, কার্তিক আরিয়ান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত