বরিশালে করোনা ইউনিটে ভর্তি ২ রোগীর মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৩:৪৮ পিএম

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির পর দুই রোগী মারা গেছেন।

এদের মধ্যে করোনা ইউনিটে নেওয়ার সঙ্গে সঙ্গে নিরু বেগম (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়া জাকির হোসেন (৪৫) নামে অন্য এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার সকাল ৭টা ২০ মিনিটে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলার বহলগাছিয়া গ্রামের মো. জাকির হাওলাদার মারা যান।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে মারা যান নিরু বেগম।

তবে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

শনিবার রাত পৌনে ১২টার দিকে নিরু বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। তাদের কাছ থেকে উপসর্গ শুনে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটে প্রেরণ করেন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, করোনা ইউনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে মৃত ঘোষণা করেন।

মৃত নিরু বেগম বরিশাল নগরীর কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। হাসপাতালে মারা যাওয়ার পরপরই স্বজনরা তার মৃত দেহ বাসায় নিয়ে যান।

ওই মৃত ব্যক্তির স্বজনদের উদ্বৃতি দিয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

এরপর বাড়িতে বসে তিনি জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌনে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিরুর ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল বলে জানান তার স্বজনরা। কিন্তু তার কোনো স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি বলে স্বজনদের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

এদিকে পরিচালক ডা. মো. বাকির হোসেন আরও জানান, মো. জাকির হাওলাদার নামে এক ব্যক্তি অ্যাজমা জনিত শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রোগীকে পটুয়াখালী হাসপাতাল থেকে গত শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

জরুরি বিভাগের চিকিৎসকরা প্রথমে তাকে মেডিসিন ইউনিটে প্রেরণ করেন। সেখান থেকে ওই রাতেই তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

রোগীর উপসর্গ দেখে চিকিৎসা দিচ্ছিলেন করোনা ইউনিটের চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

রবিবার দুপুর পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা সন্দেহে পাঁচজন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পরিচালক।

তবে তারা কেউ করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পারেননি কর্তৃপক্ষ। এমনকি মৃত দুজন কোন রোগে মারা গেল তা কর্তৃপক্ষও নিশ্চিত হতে পারেননি এবং গণমাধ্যমকেও নিশ্চিত করে জানাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত