সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সাহায্য করুন: হানিফ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১০:১৮ পিএম

করোনা পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রবিবার ফেসবুকে দেওয়া এক ভিডিওতে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, এই নোবেল করোনাভাইরাস এটা ১৪ দিন পর্যন্ত এক দেহ থেকে আরেক দেহে সংক্রমণ করার ক্ষমতা রাখে। একই ব্যক্তি একাধিক বার আক্রান্ত হতে পারে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ নেই। পরিত্রাণের একমাত্র উপায় ও ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ব্রেক ডাউন করা।

আওয়ামী লীগের এই নেতা বলেন, সে জন্য আমাদের সকলের প্রয়োজন ঘরে থাকা। অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকা। পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। একে অন্যকে দূরে রাখার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, এটা প্রমাণিত হয়েছে যে আমি বা আপনি আমরা কেউ নিশ্চিত নই যে আমরা করোনা ভাইরাস মুক্ত। সে কারণেই আমাদের এই মুহূর্তে করণীয় একটাই সেটা হচ্ছে ঘরে থাকা। সেই সঙ্গে অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকা।

হানিফ বলেন, এই দুর্যোগ মোকাবিলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সামর্থ্যের সবটুকু দিয়েই এই দুর্যোগ মোকাবিলার চেষ্টা করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন।

তিনি বলেন, আমাদের চিকিৎসকবৃন্দ, নার্সসহ কর্মকর্তারা এই দুর্যোগ মোকাবিলায় অসীম সাহসের সঙ্গেই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, আপনাদের প্রতি অনুরোধ আতঙ্কিত না হয়ে সচেতন হোন। সবাই ঘরে থাকুন, অন্যকে ঘরে থাকার পরামর্শ দিন। আমি নিজেও আপনাদের মতোই ঘরেই আছি। চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলুন, সরকারি নির্দেশনা মেনে চলুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সহায়তা করুন। আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশা আল্লাহ এই দুর্যোগ কেটে যাবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত