‘ইতিহাস’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পরিচালক কাজী হায়াতের পুত্র কাজী মারুফ। প্রথম সিনেমাতেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অ্যাকশন সিনেমায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। গত শনিবার রাতে খবর রটে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এ বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
কেমন আছেন?
আল্লাহর অশেষ রহমতে আর সবার দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। দোয়া করি বাংলাদেশের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে।
আপনার করোনা হয়েছে, এমন খবর শোনা যাচ্ছে...
আমি সম্পূর্ণ সুস্থ, স্ত্রীও করোনা আক্রান্ত নন। হঠাৎ করেই গত শনিবার রাতে থেকে পরিচিত অপরিচিত অনেকের ফোন আসছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কেন এত ফোন আসছে। যখন সবাই জিজ্ঞেস করছে আমরা করোনা আক্রান্ত কি না, তখন আমি বুঝতে পারি বিষয়টি।
তাহলে খবরটি কেন ছড়াল?
স্ত্রীসহ আমি অনেকদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করছি। নিউ ইয়র্কে এখন হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমার স্ত্রী রাইসার জ্বর হয়েছে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর কারণে হয়তো খবরটি ছড়িয়েছে। তাছাড়া নিউ ইয়র্কে আমার পরিচিত অনেকে এই রোগে সংক্রমিত হয়েছেন। তাই জ্বর নিয়ে রাইসা ভীত হয়ে পড়ে। আমার শাশুড়িকে খবরটি জানায়। হয়তো তার কাছ থেকে বাবা (কাজী হায়াত) খবরটা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের তেমন কিছুই হয়নি।
এখন সময় কীভাবে কাটছে?
নিউ ইয়র্কের রিচমন্ড হিল এলাকায় থাকি আমরা। দুই সপ্তাহ ধরে সন্তানদের স্কুল বন্ধ। বড় ধরনের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সাধারণ জ্বর হলেও সবার নিরাপত্তার কথা ভেবে আইসোলেশনে আছে রাইসা।
সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা আছে কি?
আপাতত কোনো কিছুরই পরিকল্পনা নেই। সারা বিশ^ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আগে আমরা তা থেকে মুক্তি পাই, সেই প্রার্থনা করি। আর ক্যারিয়ার বা ভবিষ্যৎ নিয়ে আমি কখনোই পরিকল্পনা করে কিছু করিনি। যখন যেটা ভালো মনে হয়, তাই করি। সিনেমার জন্য প্রেম অবশ্যই আছে। অভিনয়ের জন্যই আমার এই পরিচিতি। ভবিষ্যতেও হয়তো কাজ করব, তবে তা কবে সে ব্যাপারে এখনই কিছুই বলতে পারছি না।
