পোলট্রি পণ্য আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১০:৪১ পিএম

পোলট্রি ফিডের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে মৎস্য ও গবাদি পশুর খাদ্য উৎপাদনে ব্যবহৃত পণ্য আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

এতে বলা হয়, সয়াবিন মিল, কর্ন গ্লুটিন মিল, রেপসিড এক্সট্রাকশনসহ মৎস্য ও পশুখাদ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং এক দিন বয়সী মুরগির বাচ্চার ক্ষেত্রে অগ্রিম কর প্রত্যাহার করা হলো।

প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোলট্রি, গবাদি পশু প্রতিষ্ঠান, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ সুবিধা পাবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বন্ধ করা হয়েছে গণপরিবহনও। সামাজিক দূরত্ব বজায় রাখতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হতে নিষেধ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত