করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট। জাতীয় স্বাস্থ্য পরিষেবায় (NHS) যোগ দিয়েছেন তিনি।
কিছুদিন আগেই ফিরেছেন অস্ট্রেলিয়া থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভাগ্যের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। দেশে ফিরে ছুটিতেই ছিলেন নাইট।
কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির আকার নেওয়ায় নিজেকে আর ঘরে আটকে রাখতে পারলেন না তিনি। ব্যাট হাতে দলকে জিতিয়ে ফিরেছেন অনেকবার। এবার নামলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে।
ব্রিটেনে এখন ভয়ংকর চেহারা নিয়েছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় গত মঙ্গলবার ইংল্যান্ডে এনএইচএস আবেদন করেছিল, এই ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়তে আড়াই লাখ স্বেচ্ছাসেবক দরকার।
তাদের কাজ- রোগীদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া, গাড়ি চালিয়ে আক্রান্তদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া বা বাড়ি নিয়ে আসা। আইসোলেশনে থাকা মানুষদের ফোন করে খোঁজখবর নেওয়া। ইতিমধ্যেই এনএইচএস-এর সেই আবেদনে সাড়া দিয়েছেন ৭০ হাজার স্বেচ্ছাসেবক। যাদের মধ্যে রয়েছেন হিদার নাইট।
নাইট বলেন, ‘এখন আমার হাতে অনেক সময়। তাই ভাবলাম এই সময় দেশের যতটা সাহায্য করতে পারি, ততই ভালো। তাই জাতীয় স্বাস্থ্য পরিষেবায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছি।’
‘আমার বাবা-মা আর ভাই সকলেই চিকিৎসক। আমার অনেক বন্ধুও এনএইচএসে কর্মরত। তাই খুব ভালোভাবেই জানি, ওরা এই মুহূর্তে কতটা পরিশ্রম করছে। সবার জন্যই সময়টা খুব কঠিন।’
