করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে ১০ কোটি টাকা দিয়েছে শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। গতকাল রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন
থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। অনুদানের চেক প্রদানের পর বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান ভিডিও কনফারেন্সে বসুন্ধরা কনভেনশন সেন্টার ও বসুন্ধরা ট্রেড সেন্টারকে করোনা চিকিৎসা ও কোয়ারেন্টাইন হাউজ হিসেবে ব্যবহার করতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন। এ সময় প্রধানমন্ত্রী তার তহবিলে অনুদানের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।
বসুন্ধরা গ্রুপ ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান এবং পিপিই ও মাস্ক প্রদান করে। ওরিয়ন গ্রুপ ৩ কোটি, নাভানা গ্রুপ ২৫ লাখ, হোসাফ গ্রুপ ৫ কোটি, আবুল খায়ের গ্রুপ ৫০ লাখ, সামিট পাওয়ার লিমিটেড ৩ কোটি, কনফিডেন্স পাওয়ার কোম্পানি ৩ কোটি, দি ওয়েস্টিন হোটেল ২ কোটি, লা মেরিডিয়ান ২ কোটি টাকা অনুদান দেয়। সিএমসি-চায়না ১ মিলিয়ন মাস্ক, ১০ হাজার পিপিই ও কর্ণফুলী শিপ বিল্ডার্স ১০ হাজার পিপিই প্রদান করে।
৫০০০ শয্যার হাসপাতাল বানাবে বসুন্ধরা গ্রুপ : করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় পাঁচ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ প্রস্তাব দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে পাঁচ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।
বসুন্ধরা গ্রুপের প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন এবং সম্মতি জানিয়েছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের চারটি বিশাল কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টার রয়েছে। সবচেয়ে বড় কনভেনশন সেন্টার ৩০ হাজার বর্গফুটের। বাকি ৩টি ২০ হাজার বর্গফুট। আর ট্রেড সেন্টারের আয়তন ১ লাখ ৫০ হাজার বর্গফুট। এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে গরিবদের মধ্যে নিয়মিত খাবার বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পরিকল্পনা করছেন আরও বড় পরিসরে কিছু করার।
