করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকার রবিবার থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের ক্লাসের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, “শিক্ষার্থীদের‘আমার ঘরে আমার স্কুল’ শীর্ষক এসব ক্লাস মনোযোগ দিয়ে দেখে আত্মস্থ করতে হবে।”
গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা।’
দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ (গতকাল) থেকে সংসদ টেলিভিশনে দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাসসমূহ ভিডিও ধারণ করে সম্প্রচার করা হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসে ক্লাসে অংশ নিতে পারবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পাঠদান চলবে।’
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ।
