করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশগুলো বিশ্বের অন্য দেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করায় প্রতিবেশী দেশ ভারতে গিয়ে বেশকিছু বাংলাদেশি আটকে যায়। আটকে পড়া নাগরিকদের দ্রুত দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রবিবার দেশ রূপান্তরকে তিনি এসব কথা বলেন। চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়া নাগরিকদের থাকার অসুবিধা লাগবের জন্য মন্ত্রী এ অনুরোধ জানান। শাহরিয়ার আলম বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি তাদের থাকতে অসুবিধা হচ্ছে। আমাদের দূতাবাস ইতিমধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে।’
এখনো যারা যোগাযোগ করেনি তাদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আপনাদের অনুরোধ করছি, আপনারা একসঙ্গে কতজন, কোথায় আছেন, নাম, বয়স, পাসপোর্ট নম্বর, যোগাযোগের জন্য মোবাইল নম্বর আমাদের দিল্লিতে অবস্থিত দূতাবাসে জানান।’
পূর্ণ তালিকা পেলে পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে জানিয়ে আটকে পড়াদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারা পর্যন্ত আমরা চেষ্টা করব স্থানীয় কর্র্তৃপক্ষ যেন আপনাদের চাহিদার বিষয়গুলো দেখভাল করে।’
