সাভারে সড়ক ও জনপথ বিভাগের (সত্তজ) রোলার অপারেটর আসাদুজ্জামান অভিকে (৩৬) পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে রহমত ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান অভিকে (৩৬) উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার আব্দুল্লাহপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা সড়কে রাস্তায় ধুলাবালি ওড়ায় মেশিন দিয়ে পানি দিচ্ছিলেন সড়ক ও জনপথ বিভাগের (সত্তজ) রোলার অপারেটর আসাদুজ্জামান অভি। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারীর ছেলে রহমত ব্যাপারীর সঙ্গে তার বাগ্বিত-া হয়। একপর্যায়ে রহমত আলী ওই অপারেটরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
এ ব্যাপারে রহমত ব্যাপারীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নিজেকে ছোট ভাই পরিচয় দিয়ে বলেন, ‘বড় ভাই নামাজে গেছে, আমি এ বিষয়ে কিছু জানি না। আপনি কাল এসে কথা বলে যাবেন।’
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, সওজ কর্মচারীকে মারধরের বিষয়টি দুঃখজনক। ধুলো নিবারণের জন্য রাস্তায় পানি দেওয়া নিয়ে এ মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে। খবু শিগগির আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
