ডায়াপার পরে ব্যাটিং করে ভাইরাল হওয়া সেই শেখ শহীদের পরিবার ভারতের চলমান লকডাউনে আর্থিক দুরবস্থার ভেতর পড়লে পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের বাড়িতে খাবার পৌঁছনোর ব্যবস্থা করে দেন পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী।
করোনা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়ে ভারতে দৃষ্টান্ত স্থাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথ ধরে তিন মাসের বেতন এবং বিসিসিআই থেকে পাওয়া পেনশন রাজ্যসরকারের খাতে অনুদান হিসেবে দিয়েছেন লক্ষ্মীরতন।
এমন কঠিন পরিস্থিতিতে লক্ষ্মীরতনের থেকে দ্রুত সাহায্য পেয়ে আপ্লুত শহীদের বাবা শমসের, ‘আমাদের এই পরিস্থিতিতে তিনি যেভাবে এগিয়ে এলেন, তাতে আমরা কৃতজ্ঞ।’
লক্ষ্মীরতন জানান, শহীদের পরিবারের মতো যদি আরও কেউ এমন সমস্যায় পড়েন, তবে তারা যেন অবশ্যই স্থানীয় থানায় খবর দেন।
চলতি বছরের শুরুতে শহীদের ভিডিও দেখে মুগ্ধ হয়েছিলেন কেভিন পিটারসেন, মাইকেল ভন থেকে শুরু করে বিরাট কোহলির মতো তারকারা। পিটারসেন তো রসিকতার ছলে শহীদকে ভারতীয় দলে সুযোগ দেওয়ারও প্রস্তাব দেন কোহলিকে।
এরপর ফেব্রুয়ারিতে খুদে ক্রিকেটারের বাড়ি হাজির হন স্বয়ং স্টিভ ওয়াহ!
