আইপিএলের জন্য কঠোর অনুশীলনে স্টোকস

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০২:১৮ পিএম

মাঠে যাওয়া বন্ধ। বোর্ডের জিম খোলা নেই। সব কোচেরাও যে যার মতো সঙ্গনিরোধে। এমন বৈরি সময়ে বেন স্টোকস বসে নেই। বাড়ির প্রাকটিস গ্রাউন্ডে বিরল সব কৌশলে নিজেকে প্রস্তুত করছেন, আইপিএল খেলবেন বলে।

‘সবার জন্য সময়টা কঠিন। তাই মানসিক চাপও বাড়ছে,’ মিরর অনলাইনকে স্টোকস বলেন, ‘আমার ব্যাপারটা হল সামনে আইপিএল। তাই সেদিকে মন দিচ্ছি। প্রস্তুত করছি নিজেকে।’

স্টোকস কতটা সিরিয়াস সেটি বোঝা গেল মিররের একটি ভিডিও দেখে। গ্যারেজের মতো দেখতে একটি গ্রাউন্ডে একাই ফিল্ডিং করছেন, আবার একাই করছেন ব্যাটিং। একবার স্ট্রাইক প্রান্তে ছুটছেন। পরক্ষণে চলে আসছেন বোলিং মেশিনের কাছে!

‘শুধু আনন্দ করতে যাচ্ছি, এভাবে কখনো নিজেকে আমি বোঝাতে পারি না। তাই প্রতিটি টুর্নামেন্টের আগে নিজের সর্বোচ্চটা দিয়ে তৈরি হই।’

‘বছরের ৩৬৫ দিনই আমার কাজ থাকে।  বছর জুড়েই ব্যস্ত থাকি।’

স্টোকস আইপিএল খেলতে চাইলেও আসরটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২৯ মার্চ বল মাঠে গড়ানোর কথা ছিল। ভারতে লকডাউন চলায় সেটি হয়নি। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বলছেন, এ বছর টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত