চট্টগ্রামের হাটহাজারীতে করোনাভাইরাসের প্রতিরোধক দাবি করে ‘ভেষজ ওষুধ’ বিক্রি করে প্রতারণা করায় মনসুর আলী নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার চৌধুরীহাট সদ্দার পাড়া সড়কে মনসুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করে তার কাছ থেকে আর এ ধরনের প্রতারণা করবে না বলে মুচলেকা নেয়া হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, কথিত ব্যক্তি সংক্রামক ব্যাধি করোনা আতঙ্ককে পুঁজি করে তার বাড়িতে বসে ভেষজ ওষুধ বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ওষুধসহ তাকে আটক করে।
তাকে চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
