মৌসুম পেছানো নয়, বাতিলের পক্ষে কেইন

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১০:৩৫ পিএম

করোনাভাইরাসের কারণে থমকে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। জুনের মধ্যে যদি এই লিগ শেষ করা না যায়, তবে নতুন মৌসুম নিয়ে ভাবা উচিত বলে মনে করেন ইংল্যান্ড ও টটেনহ্যাম হটস্পার অধিনায়ক হ্যারি কেইন।

ইপিএল বন্ধ ৩০ এপ্রিল পর্যন্ত। তবে যুক্তরাজ্যে করোনাভাইরাসের যা অবস্থা তাতে ওই সময়সীমার পর লিগ শুরুর আপাতত কোনো সম্ভাবনা নেই। করোনার কারণে ইউরো চ্যাম্পিয়নশিপের মতো আসর পেছানো হয়েছে যাতে ইউরোপের বিভিন্ন দেশের লিগগুলো শেষ করা যায়। তবে জুনের বেশি সময় নিয়ে চলতি মৌসুম শেষ করলে তেমন কোনো লাভ নেই বলে মনে করেন কেইন।

ইংলিশ তারকা বলেন, ‘জুলাই-আগস্ট পর্যন্ত চালিয়ে নিয়ে পরবর্তী মৌসুম আরও পিছিয়ে দেওয়াতে আমি তেমন কোনো লাভ দেখছি না। আমি অবশ্য এ বিষয়ে তেমন কিছু জানি না, অর্থনৈতিক বিষয়গুলোও না। আমার মতে জুনের মধ্যে শেষ না হলে আমাদের কোনো একটি উপায় বেছে নিতে হবে। উচিত হবে পরবর্তী মৌসুমে নজর দেওয়া।’

যুক্তরাজ্যে চলমান ২১ দিনের লকডাউন শেষ হলে এই মৌসুমের প্রিমিয়ার লিগ দর্শকশূন্য স্টেডিয়ামে শেষ করা যেতে পারে বলে অভিমত কেইনের, ‘এই মৌসুম যেভাবে চলছে তা দেরি করলে ইউরো ২০২১ এবং বিশ্বকাপ ২০২২-এ এর প্রভাব পড়তে পারে।’

এই মুহূর্তে ফুটবল জীবনের প্রথম অংশ নয় জানিয়ে তিনি বলেন, ‘আমার হাতে কিছু নেই, ব্যক্তিগতভাবে কিছুই করতে পারব না। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে (ভবিষ্যতে) কী হয়। আশা করি অতি দ্রুত এই (করোনাভাইরাস) সমস্যা দূর হবে। আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব।’

লিগ বন্ধের আগ পর্যন্ত কেইন ছিলেন ইনজুরিতে। মৌসুম যদি দেরিতে শেষ হয় তবে মাঠে ফিরতে পারেন তিনি। লিগ বন্ধের আগে ২৯ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে আটে অবস্থান টটেনহ্যামের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত