গেল কয়েক বছরের লোকসান পুষিয়ে চলতি বছর গোল সোনা খ্যাত আলুতে লাভের মুখ দেখছেন দেশের বৃহৎ উৎপাদনকারী অঞ্চল মুন্সীগঞ্জের কৃষককুল। জেলার ছয়টি উপজেলার প্রায় ৭৫ হাজার আলু চাষির মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে জেলা জুড়ে দ্বিগুণের বেশি দামে বেচাকেনা হচ্ছে আলু। জেলার সর্বত্র আলু উত্তোলনের উৎসব এখন শেষের দিকে। উত্তোলনের শুরুতেই আলু বিক্রিতে লাভের মুখ দেখে আসছে কৃষক। দেশ জুড়ে করোনা আতঙ্ক দেখা দিলে সেই দাম দিন দিন বেড়ে এখন দ্বিগুণ থেকে দ্বিগুণের বেশি দামে আলু বেচাকেনা হচ্ছে।
সদর উপজেলার দক্ষিণ মহাকালী গ্রামের চাষি চুন্নু শেখ জানান, গেল বছর ৫০ কেজি বস্তা প্রতি আলু বেচাকেনা হয়েছে সবে মাত্র ২০০ টাকা দরে। আর চলতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে আলু উত্তোলনের মৌসুমের শুরুতে খুচরা বাজারে এক কেজি আলু বেচাকেনা হয়েছে ১২ টাকা থেকে ১৫ টাকা দরে।
