কর্মহীন মানুষকে খাদ্য সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৫:২৮ এএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত ছুটির মধ্যে কর্মহীন মানুষ যাতে খাদ্যকষ্টে না ভোগে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান গতকাল সোমবার এক ভিডিও বার্তায় এ কথা জানান। এ ছাড়া গত রবিবার ওই মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মহীন মানুষের তালিকা করে তাদের খাদ্যসহায়তা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা ও মানবতাবাদী মনোভাবের কারণে আজকে বাংলাদেশে করোনা পরিস্থিতি বিশ্বে সবচেয়ে ভালো অবস্থা বিরাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৪ ঘণ্টায় বাংলাদেশে একজন আক্রান্ত হয়েছে। দেশে মোট ৪৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, মারা গেছে ৫ জন। বর্তমানে বাংলাদেশে মাত্র ২০ জন করোনা আক্রান্ত রোগী আছে, তারা সবাই সুস্থ আছে। আমরা মনে করি বাংলাদেশ কমিউনিটি স্প্রেডের (সামাজিকভাবে ছড়িয়ে পড়া) শঙ্কাটা থেকে অনেক ঊর্ধ্বে আছে।’

তিনি বলেন, ‘সাড়ে ৬ লাখ প্রবাসী গত তিন মাসে বাংলাদেশে ফিরে এসেছেন। সবারই প্রায় কোয়ারেন্টাইন পিরিওড পার হয়ে গেছে। তারাও আর আমাদের জন্য কোনো শঙ্কার কারণ নয়। আমি মনে করি ঘোষিত ছুটির সময় ৪ এপ্রিলের পর বাংলাদেশ করোনামুক্ত হয়ে যাবে। আমরা আমাদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব।’

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকালও আমাদের টেলিফোনে নির্দেশ দিয়েছেন যেন লকডাউনে কোনো কর্মজীবী মানুষ খাদ্যকষ্টে না ভোগে। সবার পাশে যেন প্রশাসন, জনপ্রতিনিধি ও দলের নেতাকর্মীরা খাদ্য নিয়ে হাজির হন।

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ মার্চ ২৪ হাজার ৭০০ টন চাল এবং ৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ দিই। এ বিষয়ে আমরা জেলা প্রশাসকদের মনিটরিং করি। ২৮ মার্চ তারা জানিয়েছেন, তাদের কর্মকাণ্ড চলছে, তাদের চাল এবং টাকা প্রায় ফুরিয়ে আসছে। এটা জানার পর আমরা ২৮ মার্চ আবার সাড়ে ৬ হাজার টন চাল ও ১ কোটি ৩১ লাখ টাকা নতুন করে বরাদ্দ দিয়েছি।’

ছুটির দিনেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও অধীন সংস্থার মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত