এখনই বেতন কাটার ভাবনা নেই ম্যান ইউনাইটেডের

আপডেট : ৩১ মার্চ ২০২০, ১০:৫৭ পিএম

করোনাভাইরাসের কারণে খেলোয়াড় ও স্টাফদের বেতন কাটার পথে হেঁটেছে বিশ্বের অনেক ফুটবল ক্লাব। এ ক্ষেত্রে ব্যতিক্রম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড় এবং স্টাফদের বেতন কাটার মতো পরিস্থিতিতে নেই তারা।

রেড ডেভিলদের সঙ্গে ২৫টি গ্লোবাল কোম্পানির স্পনসরশিপ চুক্তি আছে। এ ছাড়া আছে অঞ্চলভিত্তিক পার্টনার, যা প্রতি মৌসুমে দলটিকে ২০০ মিলিয়ন পাউন্ড আয়ের নিশ্চয়তা দেয়।

ওলে গানার সোলসকায়েরের দলের খেলোয়াড়রা এরই মধ্যে নিজ নিজ বাড়িতে থেকে ট্রেনিং করছেন। ফরাসি মিডফিল্ডার পল পগবা বলেন, আশা করি পরিস্থিতি আরও দ্রুত উন্নতি হবে এবং আমরা খেলায় ফিরতে পারব। আমরা তৈরি, খেলায় ফিরে শিরোপা জিততেও প্রস্তুত। সংযুক্ত থাকুন, নিরাপদে থাকুন, দ্রুতই মাঠে ফিরব আমি।’

ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ বাকি ম্যান ইউনাইটেডের। এ ছাড়া এফএ কাপ এবং ইউরোপিয়ান লিগের প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগের ম্যাচ বাকি দলটির। সব আপাতত বন্ধ আছে করোনাভাইরাসের কারণে।

ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের খেলোয়াড় এবং কোচ বেতনে ছাড় দিচ্ছেন। শনিবার তারা একটি চুক্তিতে রাজি হয়েছে, যার ফলে ২০১৯-২০ মৌসুমে ৯০ মিলিয়ন ইউরো বাঁচবে দলটির।

বার্সেলোনার খেলোয়াড়রাও বেতন ছাড়ে রাজি হয়েছেন। সোমবার ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ‘চলমান ক্রান্তিকালে বার্সেলোনার সব ধরনের পেশাদার স্কোয়াডের খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের একটি চুক্তি হয়েছে। তাতে তারা বেতন-ভাতা কম নেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত