করোনায় মৃত্যুর থাবা এবার ক্রিকেটে

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৯:৪১ এএম

করোনাভাইরাসে এলোমেলো গোটা বিশ্ব। সময়ের সঙ্গে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর প্রকোপ থেকে বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। আক্রান্ত হয়েছে অনেকেই। এবার করোনায় মৃত্যুর থাবা পড়ল ক্রিকেটে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ডেভিড হজকিস, ইংল্যান্ডের যিনি ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের চেয়ারম্যানের ভূমিকায় ছিলেন।

মৃত্যুকালে হজকিসের বয়স ছিল ৭১ বছর। এমিরাত ওল্ড ট্র্যাফোর্ডের বোর্ডে ২২ বছর ধরে নানা দায়িত্ব পালন করেন তিনি। যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের পর ২০১৭ সালে ক্লাবের চেয়ারম্যানের আসনে বসেছিলেন। এর আগে ঐতিহাসিক ক্লাবটির কোষাধ্যক্ষ ও ভাইস-চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন সাফল্যের সাথে।

হজকিস হলেন ইংল্যান্ডের খেলাধুলার সাথে যুক্ত প্রথম ব্যক্তি করোনাভাইরাসে যার মৃত্যু হলো। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করেছে ল্যাঙ্কাশায়ারসহ ইংল্যান্ডের গোটা ক্রিকেট অঙ্গন। এমনকি ইংল্যান্ডের বাইরেও পড়েছে হজকিসের মৃত্যুর শোকের ছায়া।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে হজকিসের দেখা পেয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার। জ্যেষ্ঠ এই ক্রিকেট সংগঠকের মৃত্যুতে শোক জানিয়ে ফারুক বলেন, “আমি তাকে বেশ ভালো করে চিনতাম। ল্যাঙ্গাশায়ারের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন তিনি। চলুন আমরা প্রার্থনা করি, তিনিই যেন করোনাভাইরাসে মৃত্যুবরণ করা প্রথম এবং শেষ ক্রিকেট ব্যক্তিত্ব হন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত