যক্ষ্মা ঠেকাতে সরকারিভাবে যে বিসিজি (ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন) টিকা দেয়া হয় সেটি নভেল করোনাভাইরাস প্রতিরোধে কাজে আসতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শত বছরের পুরনো এই টিকা নিয়ে গবেষণার দায়িত্ব দেয়া হয়েছে অস্ট্রেলিয়ান চিকিৎসকদের।
চিকিৎসকদের উদ্ধৃত করে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই টিকা শুধু যক্ষ্মা ঠেকায় না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রাথমিক কাজটাও করে।
নভেল করোনাভাইরাসের টিকা আসতে আরও বছর খানেক সময় লাগবে বলে বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে। তার আগে মেলবোর্নের মারডোক চিলড্রেন রিসার্চ ইন্সটিটিউট বিসিজি টিকা নিয়ে গবেষণা শুরু করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান নাইজেল কার্টিস বলছেন, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে এই টিকা। তাই বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে এটি শরীরকে রক্ষা করতে পারে। করোনার বিরুদ্ধে এটি কাজ করে বলে আমরা ধারণা করছি।’
অস্ট্রেলিয়ার প্রায় ৪০০ ‘সেচ্ছাসেবীকে’ এই টিকা দিয়ে ছয় মাস পর্যবেক্ষণ করা হবে। নেদারল্যান্ডসেও একই ধরনের পরীক্ষা হচ্ছে।
